নারী শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘আয়েশা আবেদ স্মৃতি নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল নারী শিক্ষার্থীদের প্রতিভা, দলীয় চেতনা ও দৃঢ় মনোভাবকে উদযাপন করা।
ব্র্যাক ইউনিভার্সিটির স্পোর্টস অ্যান্ড ফিটনেস ডিপার্টমেন্ট স্টুডেন্ট ক্লাব ক্রিকেট ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নেয়। দলগুলো হলো—‘প্রতিদ্বন্দ্বী’, ‘অপরাজিতা’, ‘দুর্জয়ী’, ‘অগ্নিকন্যা’ ও ‘জাগরণী’।
প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্জয়ী দল ৯ উইকেটে অগ্নিকন্যা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করে অগ্নিকন্যা দল ৬ ওভারে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে টিম দুর্জয়ী মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। চ্যাম্পিয়ন ও রানার-আপ দল ছাড়াও ম্যাচ সেরা, সিরিজ সেরা এবং সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারকে ট্রফি দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের পরিচালক শাহরিয়ার সাঈদ জানান, ব্র্যাক ইউনিভার্সিটির নারী ক্রিকেট দল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির নারী ক্রিকেট দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সাদিয়া হামিদ কাজী খেলোয়াড়দের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখা জরুরি।
ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর শায়লা সুলতানা বলেন, নারীদের খেলাধুলাকে আরো উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জাতীয় পর্যায়ে খেলতে পারে।
ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের হেড নওশিন আহমেদ খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, জীবনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে।
স্পোর্টস অ্যান্ড ফিটনেস ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার জুয়েল দত্ত আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সম্ভব হবে।
—বিজ্ঞপ্তি










