বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ও বিনিয়োগকারীদের স্বার্থ অগ্রাধিকারে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সুপারিশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সম্প্রতি এ-সংক্রান্ত একটি চিঠি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বরাবর পাঠিয়েছে ডিবিএ। চিঠিতে ডিএসইর পর্ষদ পুনর্গঠনের সুপারিশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ১৩ সদস্যবিশিষ্ট। ১৩ জনের মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক ডিএসই পর্ষদের প্রস্তাবিত প্যানেলের ভিত্তিতে হয়। এরই মধ্যে ডিএসইর চেয়ারম্যানসহ সাতজন স্বতন্ত্র পরিচালক ডিএসইর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে চারজন নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের ওপর পর্ষদ কার্যক্রম যৌক্তিকভাবে অর্পিত হয়। 

এ অবস্থায় বিদ্যমান চার শেয়ারহোল্ডার পরিচালকসহ ডিএসইর সব শেয়ারহোল্ডারের পক্ষ থেকে সাতজন পরিচালকের শূন্য পদের বিপরীতে নিম্নোক্ত প্রতিষ্ঠান থেকে মনোনীত ব্যক্তিদের (প্রেসিডেন্ট/চেয়ারম্যান) মধ্য থেকে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সেগুলো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে একজন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি), চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট (সিএফএ সোসাইটি)/ইনস্টিটিউশন অব কস্ট ম্যানেজমেন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট, আয়কর বিভাগ থেকে একজন পলিসি মেম্বার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন জ্যেষ্ঠ আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন/ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রেসিডেন্ট, ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন সামরিক বাহিনীর প্রতিনিধি, একজন নারী উদ্যোক্তা/প্রধান নির্বাহী পদমর্যাদার পেশাজীবী, কমপক্ষে ২০ বছরের বহুজাতিক কোম্পানিতে অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী, প্রথিতযশা এনজিও/সোশ্যাল বিজনেস থেকে একজন প্রধান নির্বাহী পদমর্যাদার পেশাজীবী ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার একজন ব্যক্তি।