পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ছিল ২৪ পয়সা। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর। গত ৩০ জুন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৪৭ পয়সা।

এর আগে ইউনিটহোল্ডারদের জন্য ২০২২-২৩ হিসাব বছরে সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইপিইউ হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৮৩ পয়সা।  

২০২১-২২ হিসাব বছরের জন্য ফান্ডটির ইউনিটহোল্ডাররা ৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। ২০২০-২১ হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ফান্ডটি। আগের হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ৪ শতাংশ নগদ ও ২০১৬-১৭ হিসাব বছরের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ফান্ডটির ইউনিটহোল্ডাররা।