দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মার্কেট ক্যাপিটালাইজেশনে এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জন দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহের প্রতিফলন। ব্যাংকটির ধারাবাহিক সাফল্যের পেছনে করপোরেট সুশাসন, আর্থিক সক্ষমতা ও দেশসেরা ক্রেডিট রেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের ব্যাংকিং খাতে প্রায় সব প্রধান আর্থিক সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে। এই ব্যাংককে দেশের শেয়ারবাজারে ব্লু-চিপ স্টক হিসেবেও বিবেচনা করা হয়। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শেয়ারের দাম ক্রমাগত বেড়ে চলেছে। গত ২১ জুলাই এক শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৬৩ টাকা ৭০ পয়সা, যা অভিহিত মূল্যের (১০ টাকা) তুলনায় অনেক বেশি।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের মোট তালিকাভুক্ত শেয়ারের সংখ্যা ১৯৯ কোটি। এর মধ্যে পরিচালক ও স্পনসরদের হাতে রয়েছে ৪৬ দশমিক ১৭ শতাংশ শেয়ার। বিদেশী বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৩৩ দশমিক ৭৯ শতাংশ, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ বিদেশী মালিকানা। এছাড়া দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৩ দশমিক ২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৬ দশমিক ৭৬ শতাংশ শেয়ারের মালিক।

৫ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন ও ১ হাজার ৯৯১ কোটি টাকার পরিশোধিত মূলধনের ব্যাংকটি আয়-ভিত্তিক সব গুরুত্বপূর্ণ সূচক যেমন: প্রতি শেয়ারে আয়, ইক্যুইটির উপর রিটার্ন, সম্পদের উপর রিটার্ন, অকার্যকর ঋণের হার ও কর-পরবর্তী মুনাফায় ধারাবাহিক ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।

এই প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (বর্তমানে দায়িত্বে থাকা) তারেক রেফাত উল্লাহ খান বলেন, বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংক হিসেবে এক বিলিয়ন মার্কিন ডলারের বাজারমূল্য ছাড়িয়ে যাওয়া গর্বের বিষয়। এই অর্জন ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের প্রতি গভীর আস্থারই প্রমাণ।

তিনি আরো বলেন, এই সাফল্য আমাদের শক্তিশালী সুশাসন, সুপরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি মূল্য তৈরির অঙ্গীকার তুলে ধরে। ভবিষ্যতেও ব্র্যাক ব্যাংক টেকসই প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

—বিজ্ঞপ্তি