ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে সামার ২০২৫ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

আজ শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। এছাড়া আরো বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, জীবন বিজ্ঞান অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আইন অনুষদের ডিন এ.বি.এম. ইমদাদুল হক খান ও ইংরেজি বিভাগের চেয়ারপারসন মো. রফিউসসান।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি ও নৈতিকতা অর্জনের সময়। শিক্ষার্থীদের সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং তাদের পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হবে। বক্তারা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ গড়ার জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

নবীনদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, সুযোগ-সুবিধা ও ক্যাম্পাস জীবনের নানা দিক তুলে ধরা হয়, যা তাদের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষাংশে সমাপনী বক্তব্য দেন ফার্মেসি বিভাগের চেয়ারপারসন ও নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক ড. আবু বিন ইহসান। তিনি অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান ও আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

নবীনবরণ শেষে ইস্টার্ন ইউনিভার্সিটির কালচারাল ক্লাব একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বর্তমান শিক্ষার্থী, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা।

—বিজ্ঞপ্তি