নারায়ণগঞ্জে কাঁচাপাট রফতানি প্রক্রিয়াকরণ জোন স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে পাট রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। সংগঠনটির দাবির পরিপ্রেক্ষিতে কাঁচাপাট রফতানিকারকদের সঙ্গে গত বৃহস্পতিবার মতবিনিময় করেছে পাট অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সভাপতিত্ব করেন। এতে পাট অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আরশাদ ইমাম, সমন্বয়ক কর্মকর্তা সওগাতুল আলম, বিজেএ জ্যেষ্ঠ সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এনায়েত হোসেনসহ নারায়ণগঞ্জের কাঁচাপাট রফতানিকারকরা উপস্থিত ছিলেন।