নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বিবি সড়কের নগর ভবনে সম্প্রতি নতুন একটি উপশাখা চালু করেছে ওয়ান ব্যাংক পিএলসি। নারায়ণগঞ্জ শাখার অধীনে পরিচালিত এ উপশাখাটি ব্যাংকের ৫১তম উপশাখা। এর মাধ্যমে নারায়ণগঞ্জে ওয়ান ব্যাংকের কার্যক্রম ও ব্যাংকিং সেবার পরিধি আরো সম্প্রসারিত হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।

নতুন উপশাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এনসিসির প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান এবং ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর কাজী জিয়াউল ইসলাম।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উপশাখা থেকে গ্রাহকরা আধুনিক ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রত্যাশিত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ জনবলের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং চাহিদা দ্রুত ও কার্যকরভাবে পূরণে উপশাখাটি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন খন্দকার রাশেদ আখতার জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ইনচার্জ মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এস্টাবলিশমেন্ট অ্যান্ড সেন্ট্রাল সাপোর্ট কাজী মোহাম্মদ ফোরকান উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন উপশাখাটি চালুর ফলে নারায়ণগঞ্জ নগর এলাকার গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য ওয়ান ব্যাংকের ব্যাংকিং সেবা গ্রহণ আরো সহজ ও সুবিধাজনক হবে।