বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন বাড়াতে কানাডায় নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে জাপানের অটোমোবাইল কোম্পানি হোন্ডা। এ কারখানা নির্মাণে উত্তর আমেরিকার দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর নিক্কেই এশিয়া।

চুক্তির অধীনে জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি অটোয়া থেকে ভর্তুকিসহ অন্যান্য আর্থিক সহায়তা পাবে বলেও জানা গেছে। এ প্রকল্প বাস্তবায়নে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৪৬ কোটি ডলার ব্যয় হবে, যা কোম্পানিটির অন্যতম বড় বিনিয়োগ। ওই কারখানায় ব্যাটারি উৎপাদনও অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে ইভির দ্বিতীয় বৃহত্তম বাজার উত্তর আমেরিকায় ভালো অবস্থান তৈরির পাশাপাশি প্রতিযোগিতায় এগিয়ে থাকার বিষয়ে আশা প্রকাশ করেছে হোন্ডা।

শিগগিরই এ প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে হোন্ডা। প্রাপ্ত তথ্যানুযায়ী, কানাডায় এ স্থাপনা হবে উত্তর আমেরিকায় কোম্পানিটির দ্বিতীয় কারখানা। যুক্তরাষ্ট্রের ওহাইওতে প্রথম কারখানার নির্মাণকাজ চলছে।

কানাডার অন্টারিওতে দ্বিতীয় কারখানাটি নির্মাণ করা হতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। সেই সঙ্গে এর প্রভাবে অঞ্চলটিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কেননা হোন্ডার জন্য উত্তর আমেরিকা অন্যতম বড় বাজার। কেননা বিশ্ববাজারে কোম্পানির মোট বিক্রির ৪০ শতাংশই এ অঞ্চলনির্ভর।