দুই দশকের মধ্যে চীনে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে জেনারেল মোটরস। বাজার অংশীদারত্বের সর্বনিম্ন এ অবস্থা থেকে উত্তরণে আশাবাদী মার্কিন অটোমেকারটির প্রেসিডেন্ট মার্ক রিউজ। মূলত গাড়ি বাজারের পরিবর্তিত অবস্থা ও স্থানীয় কোম্পানিগুলোর প্রতিযোগিতা বাড়ার প্রভাব পড়েছে জেনারেল মোটরসের আয়ে। খবর সিএনবিসি।

জিএমে দীর্ঘ সময় প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা এ কর্মকর্তা জানান, নতুন অল-ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) পাশাপাশি নতুনভাবে নকশা করে বুইক ব্র্যান্ডের গাড়িগুলো কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

স্থানীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ মিলিয়ে চীনের বাজারে জেনারেল মোটরসের হিস্যা গত বছরের শেষ নাগাদ ৮ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। ২০০৩ সালের পর এ প্রথম ৯ শতাংশের নিচে এল বাজার হিস্যা। তবে ২০১৫ সালে এর পরিমাণ ছিল ১৫ শতাংশ। একই সঙ্গে আয়ও কমেছে বড় অংকে, ২০১৪ সালের শীর্ষ সময়ের চেয়ে ৭৮ দশমিক ৫ শতাংশ পতন হয়েছে।

১৯৯৭ সালে চীনে প্রথমবারের মতো কার্যক্রম শুরু করে জিএম। সাম্প্রতিক পতনের কারণে দেশটির অংশীদার কোম্পানিরও সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান মার্ক রিউস।

সম্প্রতি ফিউচার অব দ্য কার সামিট ইভেন্টে রিউজ জানান, চীনের বাজারকে অনেকে বৃহত্তর ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন। তবে জেনারেল মোটরস এখানে বছরের পর বছর অংশীদারত্বের সুবিধা নিয়ে কাজ করে আসছে।

চীন সরকার গত কয়েক বছরে স্থানীয় অটো শিল্পকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। এ কারণে দেশটিতে অন্য দেশের নির্মাতারা ব্যাপকভাবে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এর প্রভাব জিএমের আয়ের ওপরও পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জিএমের জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে রয়েছে বুইক ও শেভ্রোলেট। কিন্তু চীনের বাজারে এসব ব্র্যান্ডের বিক্রি কমে গেছে। এর চেয়ে বেশি বিক্রি হচ্ছে যৌথ উদ্যোগ তৈরি গাড়ি। চীনে গত বছর বিক্রি হওয়া জিএমের ২১ লাখ গাড়ির প্রায় ৬০ শতাংশই ছিল এসব মডেলের।