ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট সৃষ্টি ও রিডেম্পশনের জন্য ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। এ লক্ষ্যে ৭ সেপ্টেম্বর একটি কর্মশালার আয়োজন করে এক্সচেঞ্জটি।

ডিএসইর প্লাটফর্মের আওতায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয়-বিক্রয় কার্যক্রমের জন্য একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর উদ্দেশ্যে কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক। এতে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসির মিউচুয়াল ফান্ড, কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম (সিআইএস) ও সিকিউরিটাইজেশন বিভাগের কর্মকর্তারা এবং ডিএসইর সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় নাফিজ আল তারিক বলেন, ‘প্রস্তাবিত প্লাটফর্ম দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে এগিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের কার্যকর সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণ ও মিউচুয়াল ফান্ড শিল্পকে শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর এ প্লাটফর্ম ভূমিকা রাখবে।’

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, ‘বিনিয়োগকারীদের জন্য সমন্বিত সুবিধা নিশ্চিত করা এবং তাদের বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ সৃষ্টির মাধ্যমে এক্সচেঞ্জকে আধুনিকায়নের সুস্পষ্ট ভিশন রয়েছে ডিএসইর। প্রস্তাবিত প্লাটফর্মের উন্নয়ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে আরো সহজ, সুবিধাজনক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

কর্মশালায় প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যক্রমের কাঠামো ও কার্যকারিতা তুলে ধরেন ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের।

ডিএসই জানিয়েছে, প্রস্তাবিত প্লাটফর্ম চালু হলে বিনিয়োগকারীরা ডিএসইর ওয়েবভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সহজেই ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশন করতে পারবেন। ডেস্কটপ ও মোবাইল—উভয় ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবস্থাটি ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা রয়েছে। এতে মিউচুয়াল ফান্ড পণ্যে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার বাড়ার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগের বৈচিত্র্যও বাড়বে।

প্রস্তাবিত ব্যবস্থার আওতায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয় ও রিডেম্পশন সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজার কর্তৃক ঘোষিত বা নির্ধারিত মূল্যে সম্পন্ন হবে। এ কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিচালিত হবে।

এ ব্যবস্থায় ডিএসইর প্রতিটি স্টক ব্রোকার সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের সেলিং বা ডিলিং এজেন্ট হিসেবে কাজ করবে। প্লাটফর্মের মাধ্যমে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রয়, রিডেম্পশন বা পুনঃক্রয় কার্যক্রমে বিনিয়োগকারীদের সহযোগিতা করবেন ব্রোকাররা। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, ওয়েবভিত্তিক এ ধরনের সমন্বিত ব্যবস্থা চালু হলে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ হবে।