সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ প্রায় দুই বছর পর ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স পাঁচ মাস পর ৬ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। এদিন ৯১ পয়েন্ট বেড়ে সূচকটি দাঁড়ায় ৬ হাজার ১৬ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯২৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৭৫ পয়েন্টে। গতকাল নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ প্রায় ৫১ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ২ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩৩ পয়েন্টে।

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ও রবি আজিয়াটার শেয়ারের। এ পাঁচ কোম্পানির দরবৃদ্ধিতে সূচক বেড়েছে ৬৬ দশমিক ১ পয়েন্ট। 

ডিএসইতে গতকাল ২ হাজার ১০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬০৬ কোটি টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে প্রায় ২৫ দশমিক ১ শতাংশ। গতকাল ডিএসইতে মোট ৪০০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ২০৭টির আর অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৪ দশমিক ৫ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ২ শতাংশ লেনদেন ছিল ওষুধ ও রসায়ন খাতের দখলে। আর ১০ দশমিক ২ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত। এছাড়া বস্ত্র খাতে ৯ দশমিক ১ ও প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ শতাংশ। 

গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল টেলিযোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড খাত। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল সিমেন্ট, চামড়া ও সেবা খাত। 

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২৮৭ পয়েন্ট বা ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ১৩২ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৪৮৩ পয়েন্ট বা ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৭ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ হাজার ৮০০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ১৫টির বাজারদর। গতকাল সিএসইতে ৩০ কোটি ৮৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২২ কোটি ৬৯ লাখ টাকা।