আইইউবিএটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের গবেষণার স্বীকৃতি দিতে ও উৎসাহিত করতে ‘গবেষণা উৎকর্ষতা সম্মাননা অনুষ্ঠান ২০২৫’ আয়োজন করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গবেষণাভিত্তিক শিক্ষা সংস্কৃতিকে আরো শক্তিশালী করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক অবদান তুলে ধরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে আইইউবিএটির অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস।
অনুষ্ঠানে উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘আইইউবিএটির শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়া যেকোনো সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা অপরিহার্য। তাই এই ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেয়া জরুরি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, সম্মানিত শিক্ষকরা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শেষ অংশে নির্বাচিত গবেষকদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আইইউবিএটি সব সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চা, গবেষণা ও জ্ঞান নির্মাণে উৎসাহ দিয়ে যাচ্ছে। এই সম্মাননা অনুষ্ঠান নতুন প্রজন্মের শিক্ষার্থী ও গবেষকদের আরো অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
—বিজ্ঞপ্তি










