গ্রাহকের নানামুখী চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় রেখে ব্যাংকটি বিভিন্ন ধরনের সেবা এবং লেনদেনভিত্তিক বিশেষ অফারও চালু করেছে। ক্রেডিট কার্ড সেবার নানা দিক ও খাতসংশ্লিষ্ট বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) এএনএম মাহফুজ

ক্রেডিট কার্ড সেবার সম্প্রসারণে ব্যাংক এশিয়ার উদ্যোগগুলো কেমন?

গ্রাহকদের ভিন্ন চাহিদা ও জীবনধারা বিবেচনায় আমরা একাধিক ধরনের ক্রেডিট কার্ড চালু করেছি। এর মধ্যে রয়েছে মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট, মাস্টারকার্ড টাইটেনিয়াম, ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম ও গোল্ড কার্ড। পাশাপাশি ইসলামিক শরিয়াহভিত্তিক ক্রেডিট কার্ড সুবিধাও রয়েছে।

কোন কোন বৈশিষ্ট্যের দিক থেকে আপনাদের কার্ড অন্যান্য প্রতিষ্ঠানের কার্ডের তুলনায় স্বতন্ত্র বলে মনে করেন?

আমাদের কার্ডগুলোয় রয়েছে আকর্ষণীয় ক্রেডিট লিমিট ও সহজ ইএমআই সুবিধা। এসব কার্ড দেশে-বিদেশে ব্যবহার উপযোগী। এছাড়া বিভিন্ন মার্চেন্ট আউটলেটে পাওয়া যাবে বিশেষ অফার। প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেট, সারা বছর ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার, সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট আমাদের কার্ডকে স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।

এবারের রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কার্ডভিত্তিক কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের জন্য ব্যাংক এশিয়ার বিশেষ অফারগুলো কী কী?

গ্রাহকদের কেনাকাটাকে আরো সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা বিভিন্ন অফার দিয়ে থাকে। এ কার্ড ব্যবহার করে গ্রাহক পাচ্ছেন ফ্যাশন, লাইফস্টাইল ও ইলেকট্রনিক পণ্যে বিশেষ ছাড়। এছাড়া নির্বাচিত মার্চেন্টে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, শূন্য ইএমআই সুবিধা, বিশেষ ক্যাশব্যাক এবং ওয়েস্টিন, শেরাটনসহ দেশের প্রায় সব পাঁচ তারকা হোটেলে বুফে ইফতারে ‘একটি কিনলে তিনটি ফ্রি’ অফার।

দেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের কোন কোন বিষয় কার্ডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের পথে অন্তরায় বলে মনে করেন?

ডিজিটাল সচেতনতার ঘাটতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে পজ মেশিনের সীমিত ব্যবহার, সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এ খাতের সম্প্রসারণে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে ইতিবাচক দিক হলো দেশে ডিজিটাল লেনদেনের হার দ্রুত বাড়ছে এবং তরুণ প্রজন্ম ডিজিটাল পেমেন্টে আগ্রহী।

কার্ড ব্যবহার জনপ্রিয় করতে ব্যাংক এশিয়ার উদ্যোগগুলো কীভাবে কাজ করছে?

আমরা গ্রাহক পর্যায়ে ডিজিটাল ক্যাম্পেইন, মার্চেন্ট পার্টনারশিপ বৃদ্ধি, নিরাপদ মোবাইল অ্যাপ সাপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও করপোরেট খাতে অনলাইন লেনদেনের ওপর সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের লক্ষ্য একটি ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা।

ডিজিটাল লেনদেন খাতের সম্প্রসারণে কী ধরনের উদ্যোগ দরকার?

ডিজিটাল পেমেন্টে ট্যাক্স প্রণোদনা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বল্পমূল্যে পজ মেশিন সরবরাহ, সাইবার নিরাপত্তা জোরদার এবং অবকাঠামোগত উন্নয়ন হলে ডিজিটাল লেনদেন আরো সম্প্রসারিত হবে। সরকার ও ব্যাংক খাত একসঙ্গে কাজ করলে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব বলে মনে করি।