কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের কার্যকরী মূলধনের চাহিদা পূরণে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ‘রিভলভিং রিফাইন্যান্স ফান্ড’ শীর্ষক তহবিলে যুক্ত হয়েছে সিটিজেনস ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) উদ্যোগে চালু হওয়া এ পুনঃঅর্থায়ন তহবিলের লক্ষ্য সিএমএসএমই খাতকে আরো শক্তিশালী করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক মো. জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে সিটিজেনস ব্যাংক যোগ্য সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য আরো কার্যকরভাবে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করবে। এর আওতায় উদ্যোক্তারা ৯ শতাংশ সুদহারে অর্থায়ন সুবিধা পাবেন, যা তাদের উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম টেকসইভাবে পরিচালনা এবং সম্প্রসারণে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহনাজ পারভীন। অন্যদিকে সিটিজেনস ব্যাংকের পক্ষে আরো ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমআর অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস।