নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ২০২৫ সালের ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে প্রায় ৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

স্কুল চারটি হলো: স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান স্কুল, প্রকৌশল ও ভৌতবিজ্ঞান স্কুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান স্কুল এবং ব্যবসা ও অর্থনীতি স্কুল।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা আমাদের ওপর আস্থা রেখে এখানে এসেছেন, এজন্য এনএসইউর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এনএসইউ দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়। এখানে আমরা বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধা ও ব্যতিক্রমধর্মী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকি। আমি বিশ্বাস করি, আমাদের নতুন শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের উন্নতিতেও অবদান রাখবে।’

এসময় এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য এম. এ. কাশেম বলেন, ‘আমরা যে স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম, আপনাদের উপস্থিতি ও আগ্রহ দেখে মনে হচ্ছে তা অনেকটাই সফল হয়েছে। আগ্রহের বিষয়টি বিবেচনায় রেখে আমরা পূর্বাচলে আরো বড় পরিসরে ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা নিয়েছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও আধুনিক ও বিস্তৃত সুযোগ-সুবিধার মধ্যে শিক্ষা গ্রহণ করতে পারে।’

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিজ আল কায়সার বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। একাডেমিক উৎকর্ষতা, গবেষণা, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম ও দক্ষ শিক্ষকরা আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদায় পৌঁছে দিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এই মান ধরে রাখতে এবং ভবিষ্যতে আরো উন্নতি সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী শুধু ভালো পেশাজীবী নয়, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠুক।’

এ সময় উপস্থিত ছিলেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি দপ্তরের পরিচালক ড. মো. নুরুল কবির, এনএসইউর প্রক্টর ড. আবদুল খালেকসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি দপ্তর জানিয়েছে, দ্রুততম সময়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফলের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।

—বিজ্ঞপ্তি