ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা কমেছে ৩৯ দশমিক ৪১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫০ পয়সায়। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সায়। 

২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৬ পয়সায়।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের বর্তমানে অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৪০ লাখ ২০ হাজার। রিজার্ভে রয়েছে ৩২ কোটি ২৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ২ হাজার ২৬০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৪৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।