রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গত সপ্তাহের শুরুটা দেশের পুঁজিবাজারের জন্য হতাশাজনক ছিল। তবে দেশজুড়ে সৃষ্ট আন্দোলনে সরকার পতনের পর পুঁজিবাজারে বড় উত্থান শুরু হয়, যা সর্বশেষ তিন কার্যদিবস বজায় ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯১ পয়েন্ট। এ সময় এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৭৪ দশমিক ৩৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৫৯১ পয়েন্ট বা ১১ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৯২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৩৩৪ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে প্রায় ২৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯০১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে প্রায় ১১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৬৫ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৯টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত ছিল ১১টির দর। এছাড়া লেনদেন হয়নি ৪৭টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে পাওয়ার গ্রিড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, গ্রামীণফোন ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের। ডিএসইতে গত সপ্তাহে মোট ৩ হাজার ৩৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৩৯৫ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৮ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ১১ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বস্ত্র খাত। আর প্রকৌশল খাতের দখলে ছিল ৭ দশমিক ৩ শতাংশ।
আলোচ্য সপ্তাহে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন ছিল। ইতিবাচক রিটার্নে শীর্ষে ছিল টেলিকম, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও মিউচুয়াল ফান্ড খাত। এসব খাতে রিটার্ন এসেছে যথাক্রমে ২৫ দশমিক ৯, ২৫ দশমিক ৬, ১৯ দশমিক ৮ ও ১৭ দশমিক ২ শতাংশ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১১ দশমিক ১২ শতাংশ বেড়ে ১৬ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৫ হাজার ১১৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ১১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ১০ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯ হাজার ১১৩ পয়েন্ট। সিএসইতে গত সপ্তাহে ২৬০ কোটি টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪০ কোটি টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৬টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল নয়টির বাজারদর।










