ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘শিক্ষা ও শিল্প খাতের সম্পর্ক সুদৃঢ়করণ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ জুলাই) ডিসিসিআই অডিটোরিয়ামে সভাটি আয়োজিত হয়। সভায় ডিসিসিআই সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী, পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান সাইফ এবং আহ্বায়ক ইসমত জেরিন খানসহ সমঝোতা স্বাক্ষরকারী সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন এবং অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ কর্মজীবনে প্রবেশ করছে। যদিও আমরা কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছি না। তিনি উল্লেখ করেন, বিআইডিএসের তথ্যমতে ৬৬ শতাংশ তরুণ সমাজ শিক্ষাজীবন শেষ করার পরও বেকার থাকছে।

অন্যদিকে বিশ্ব ব্যাংক বলছে, কারিগরি খাতে দক্ষ মানবসম্পদের অপ্রতুলতা প্রায় ৬৯ শতাংশ।

ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান বলেন, আমাদের শিক্ষিত তরুণদের প্রায় ৪০ শতাংশ কর্মহীন, যা খুবই হতাশাজনক এবং এ অবস্থা উত্তরণে শিক্ষা ও শিল্প খাতের সমন্বয়ের কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রের পরিবেশ ও প্রয়োজন সম্পর্কে ধারণা প্রদানে ইন্টার্নশিপের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর তিনি জোর দেন। এছাড়াও তিনি তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন। 

মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, এআইইউবি, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস (বিইউপি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি (ইউআইইউ) ও নর্দান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের অধ্যাপকরা বক্তব্য রাখেন।

আলোচকরা করপোরেট প্রতিষ্ঠানগুলোর সিএসআর থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে বরাদ্দ বাড়ানোসহ এ বিষয়ক নীতিমালা প্রণয়ন, শিল্প খাতে দক্ষ গ্রাজুয়েটদের নিয়োগদানে ভালো পারিশ্রমিক প্রদান নিশ্চিতকরণ, ইউজিসি কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলোর নতুন কারিকুলাম দ্রুততার সঙ্গে অনুমোদন, আগামী ১০ বছর শিল্প খাতে কী ধরনের দক্ষ মানবসম্পদ প্রয়োজন তার ডাটাবেজ প্রণয়ন এবং স্টুডেন্ট প্রজেক্টগুলোর অর্থায়নে বেসরকারি খাতের এগিয়ে আসার ওপর জোরারোপ করেন।