ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সভায় চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮৬ পয়সা। আর চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ২ পয়সায়।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩০ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩। 

এর মধ্যে ৩৩ দশমিক ৫৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৪ দশমিক শূন্য ৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৬১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪১ দশমিক ৭৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৪ টাকা ৯০ পয়সা থেকে ২৭ টাকা ছিল।