দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ৩ দশমিক ৪৫ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৫১ দশমিক ৩০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৪৫ শতাংশ কমে ৫ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৯০৪ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে প্রায় ৮৮ পয়েন্ট কমে ২ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৭৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে প্রায় ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ২৬৫ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৩৫৭টির আর অপরিবর্তিত ছিল ৫টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৯টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও রবি আজিয়াটার শেয়ারের।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩ হাজার ১২২ কোটি টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৪১১ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৭ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ১ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত। এছাড়া ৯ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর বস্ত্র খাতের দখলে ছিল ৬ দশমিক ৯ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে শীর্ষে ছিল কাগজ, টেলিযোগাযোগ, সাধারণ বীমা, সিরামিক ও মিউচুয়াল ফান্ড। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৯ দশমিক ৬, ৮ দশমিক ৮, ৮ দশমিক ৪ ও ৭ দশমিক ৫ শতাংশ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ৮৪ শতাংশ কমে ১৬ হাজার ৩৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৭ হাজার ৩২ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ৩ দশমিক ৮৪ শতাংশ কমে ৯ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করছে, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ১০ হাজার ২৫৯ পয়েন্ট। সিএসইতে গত সপ্তাহে ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯৫ কোটি টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ২৬০টির আর অপরিবর্তিত ছিল ১২টির বাজারদর।










