চুক্তিটির মাধ্যমে মাস্টারকার্ড মুভ সেবার আওতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রেরিত রেমিট্যান্স সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়া মাস্টারকার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাংক ও অনুমোদিত মানি ট্রান্সফার অপারেটরগুলোর মাধ্যমে পাঠানো অর্থ তাৎক্ষণিকভাবে বিকাশ ওয়ালেটে গ্রহণ করা সম্ভব হবে।

রেমিট্যান্স গ্রহণের পাশাপাশি বিকাশ ব্যবহারকারীরা ঘরে বসেই বিভিন্ন ধরনের আর্থিক সেবা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে পণ্য ও সেবার মূল্য পরিশোধ, গ্যাস বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি প্রদান, সরকারি সেবার ফি পরিশোধ এবং সঞ্চয় অ্যাকাউন্ট খোলার সুযোগ। পাশাপাশি দেশজুড়ে বিস্তৃত ৩ লাখ ৫০ হাজারেরও বেশি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সহজেই নগদ অর্থ উত্তোলনের সুবিধাও থাকবে। এ উদ্যোগ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকে আরো সহজলভ্য করার পাশাপাশি দেশের ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, ‘নিরাপদ, তাৎক্ষণিক ও নিরবচ্ছিন্ন রেমিট্যান্স সেবা প্রদানের মাধ্যমে বিকাশ প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বিকাশ লাখো প্রবাসী পরিবারের জন্য নির্ভরযোগ্য একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বৈদেশিক মুদ্রাপ্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

অন্যদিকে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বিকাশের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের জন্য মোবাইল ওয়ালেট ও ক্যাশ পিকআপ পয়েন্টের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ আরো সহজ হবে।’