এ উপলক্ষে গতকাল রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এএমডি ড. এম কামাল উদ্দীন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান এবং উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলতাফ হুসাইন বলেন, ‘বর্তমানে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। রেমিট্যান্স গ্রাহকরাও নির্বিঘ্নে সেবা নিচ্ছেন। যেসব গ্রাহক হিসাব বন্ধ করে অর্থ উত্তোলন করেছিলেন, তাদের অধিকাংশ এরই মধ্যে ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে এসেছেন।’ গ্রাহকদের এ স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন ব্যাংকের প্রতি তাদের দীর্ঘদিনের বিশ্বাস ও আস্থার সুস্পষ্ট প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।










