বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্যে অনার্স প্রোগ্রাম চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই প্রোগ্রামটি পরিচালিত হবে আমেরিকার পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের সঙ্গে যৌথ অংশীদারত্বে।

সম্প্রতি ড্যাফোডিলের ড. আমিনুল ইসলাম সেমিনার হলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অনার্স প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করা হয়। প্রোগ্রামটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি উন্নত একাডেমিক অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। এতে থাকবে সমৃদ্ধ পাঠ্যক্রম, আন্তঃবিষয়ক শেখার সুযোগ, গবেষণা কার্যক্রম, পরামর্শসেবা ও সম্প্রদায়ভিত্তিক প্রকল্পে অংশগ্রহণের ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। তিনি বলেন, এটি একটি নতুন একাডেমিক সংস্কৃতির সূচনা, যা নিয়মিত পাঠের বাইরে চিন্তা, অনুসন্ধান ও নেতৃত্বে উৎসাহ দেবে। পারডু ইউনিভার্সিটির সঙ্গে আমাদের অংশীদারিত্ব বিশ্বমান বজায় রেখেই স্থানীয় চাহিদা পূরণ করবে।

অনুষ্ঠানে পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ মুস্তাফা ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। এছাড়া আরো বক্তব্য দেন পারডু ইউনিভার্সিটির অনার্স প্রোগ্রাম ও এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ের পরিচালক মিসেস ফারাহ আমের কম্বস। তিনি বলেন, সমালোচনামূলক চিন্তা ও বৈশ্বিক নাগরিকত্ব গঠনে অনার্স প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল অনার্স প্রোগ্রামের পরিচালক মিসেস তাহসিনা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বিমল চন্দ্র দাস এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৬ জন নির্বাচিত শিক্ষার্থীকে অনার্স পিন দেয়া হয়। তারা প্রথম ব্যাচের প্রতিনিধি হিসেবে ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে।

ড্যাফোডিল ও পারডু ইউনিভার্সিটির এই যৌথ উদ্যোগ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিল। এই প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন প্রজন্মকে উদ্ভাবন, নেতৃত্ব ও বৈশ্বিক মানদণ্ডে উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

—বিজ্ঞপ্তি