আকাবা উপসাগরে জাউমুর নামে একটি নতুন মেরিনা ও এ স্থাপনাকে ঘিরে বিলাসবহুল আবাসন প্রকল্পের ঘোষণা দিয়েছে নিওম। উচ্চালিভাষী এ পরিকল্পনা বিষয়ে নিওমের পরিচালনা পর্ষদ বলছে, ‘ভবিষ্যৎ জীবনযাত্রার সর্বোচ্চ নিশ্চয়তা দিয়ে তৈরি হবে জাউমুর।’ জ্বালানি তেলবহির্ভূত অর্থনীতির অংশ হিসেবে আবাসন ও বিনোদন খাতে ব্যাপক বিনিয়োগ হচ্ছে সৌদি আরবে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের নতুন শহর নিওম এর গুরুত্বপূর্ণ অংশ। যেখানে উপকূল ঘিরে সৌদি অভিজাতদের জন্য নতুন কিছু প্রকল্প নেয়া হয়েছে। জাউমুরের নতুন মেরিনা ঘিরে থাকছে ছয় হাজারের বেশি বাসিন্দার জন্য আবাসিক প্রকল্প। আকাবা উপকূলের বৈচিত্র্যময় ভূভাগে তৈরি হবে ৫০০টি মেরিনা অ্যাপার্টমেন্ট ও প্রায় ৭০০টি বিলাসবহুল ভিলা। দুটি হোটেলে থাকবে ৩৫০টি বিলাসবহুল কক্ষ। শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আধুনিক আতিথেয়তা ও ক্রীড়া ইভেন্টের সঙ্গে যুক্ত থাকবেন এখানকার অতিথিরা। মেরিনায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে থাকবে ইয়ট রাখার জায়গা। বিশ্বের বৃহত্তম সুপারইয়টকে স্বাগত জানাতে মেরিনার প্রবেশদ্বারে থাকবে সর্বশেষ প্রযুক্তির ব্যবস্থাপনা। এখানে সারা বছর ধরে থাকবে আর্ট ইভেন্ট, খোলা থাকবে রিটেইল আউটলেট ও রেস্তোরাঁ। এর সঙ্গে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার জন্য থাকছে গবেষণা কেন্দ্র ও বোর্ডিং স্কুল। আকাবা উপকূলে নিওমের সাম্প্রতিক ঘোষিত প্রকল্পের মধ্যে রয়েছে জাউমুর লেজা, এপিকন, সিরান্না, উটামো, নরলানা, অ্যাকুয়েলাম, জারডুন, জায়নর, ইলানান, গিডোরি ও ট্রেয়াম। খবর ও ছবি আরব নিউজ।
আকাবা উপসাগরে নিওমের নতুন মেরিনা
আকাবা উপসাগরে জাউমুর নামে একটি নতুন মেরিনা ও এ স্থাপনাকে ঘিরে বিলাসবহুল আবাসন প্রকল্পের ঘোষণা দিয়েছে নিওম।










