সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের কাছ থেকে অ্যাঞ্জেল বিনিয়োগ পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এন্টারপ্রাইজ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অলীন’। নতুন মূলধন গবেষণা ও পণ্য উন্নয়ন, গ্রাহক বাস্তবায়ন ও সাপোর্ট সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল নিয়োগ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। অলীনের সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
‘অলীন’ ব্যবসার গ্রাহক সম্পৃক্ততা ও পরিচালন দক্ষতা বাড়াতে প্রযুক্তি সমাধান তৈরি করে। প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে ওমনিচ্যানেল কাস্টমার এক্সপেরিয়েন্স প্লাটফর্ম, এআই-চালিত চ্যাটবট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সমাধান। ব্যবসায়িক প্রক্রিয়ার সঙ্গে এআইয়ের সমন্বয়ের মাধ্যমে ব্যবহারযোগ্য ও পরিমাপযোগ্য ফলাফল দেয়ার লক্ষ্য নিয়ে এসব পণ্য তৈরি করছে অলীন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সহপ্রতিষ্ঠাতা মো. জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের সমর্থন অলীনের ভিশন ও সক্ষমতার প্রতি আস্থার প্রতিফলন।’ নতুন বিনিয়োগ পণ্যকে আরো শক্তিশালী এবং আন্তর্জাতিক বাজারে দ্রুত সম্প্রসারণে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অলীনের বিনিয়োগকারী ও ব্যাংকার মামুন রশীদ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার উৎপাদনশীলতা, গ্রাহক অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন দ্রুত পরিবর্তন করছে। অলীন সমস্যাভিত্তিক ও ব্যবহারযোগ্য এন্টারপ্রাইজ প্রযুক্তি তৈরি করছে, যার আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।’









