ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের পরিচালিত দেশের প্রথম ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ‘ভয়েস অব বিজনেস’ রাইটিং কনটেস্টের আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা চিঠির মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরতে ও বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিতে পারবে।
আয়োজকেরা জানিয়েছেন, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কেবল সমস্যার দিকগুলো তুলে ধরা নয়। বরং নতুন ভাবনা তৈরি, প্রশ্ন তোলা ও এমন একটি ভবিষ্যৎ কল্পনা করা যেখানে শিক্ষার লক্ষ্য হবে মানুষ গড়া, মননের বিকাশ ও দক্ষতা তৈরি। শিক্ষার্থীদের জন্য এটি চিন্তা প্রকাশের একটি মুক্ত মঞ্চ, যেখানে কণ্ঠস্বর হারিয়ে যাবে না বরং সমাজ গঠনের কথা বলবে।
লেখার ধরন হতে পারবে ব্যক্তিগত অভিজ্ঞতা, গল্প, বিশ্লেষণমূলক প্রবন্ধ, কবিতা, আবেগনির্ভর গদ্য, ব্যঙ্গাত্মক লেখা, ইতিহাসভিত্তিক বিশ্লেষণ, নীতি ও তাত্ত্বিক সমালোচনা বা মিশ্র রচনা। আয়োজকেরা মনে করেন, শিক্ষাব্যবস্থা কেবল পরীক্ষায় সফল হওয়ার জন্য নয়। বরং ভালো মানুষ হয়ে ওঠার জন্য জরুরি।
এই প্রতিযোগিতা দেশের সব স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা দেয়া হবে। শীর্ষ তিনটি লেখা প্রকাশ করা হবে ভয়েস অব বিজনেসের বাৎসরিক ম্যাগাজিনের ১৫তম সংখ্যায়। সেরা দশটি লেখা প্রকাশিত হবে ক্লাবের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে।
রেজিস্ট্রেশনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। লেখা জমা দেয়ার শেষ সময় ১০ জুলাই ২০২৫। রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে: https://forms.gle/VYNePbpH5UoyfHxB7
উল্লেখ্য, ২০০৭ সালে প্রতিষ্ঠিত ভয়েস অব বিজনেস ক্লাব এ পর্যন্ত ১৪টি ম্যাগাজিন প্রকাশ করেছে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময়ে তারা বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন করে থাকে।










