বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শহীদ মো. সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহিদের পিতা মো. সুলতান তালুকদার।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে অতিথিরা নতুন উদ্বোধিত শহীদ সেলিম তালুকদার স্মৃতিফলক পরিদর্শন করেন। পরে নতুন নির্মিত শহীদ সেলিম তালুকদার কেন্দ্রীয় লাইব্রেরি উদ্বোধন করা হয়। এছাড়া শহীদের জীবন, সংগ্রাম ও জুলাই আন্দোলনের তাৎপর্য নিয়ে আয়োজিত ফটো প্রদর্শনীও ঘুরে দেখেন অতিথিরা।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয় ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সবাই জুলাই আন্দোলনে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন।

বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পরে শহীদ সেলিম তালুকদারের জীবন ও আত্মত্যাগ নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের আবেগাপ্লুত করে।

অনুষ্ঠানে অতিথি, শহীদদের পরিবারের সদস্য, অ্যালামনাই, শিক্ষক, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও আহত ব্যক্তিরা বক্তব্য দেন। তারা শহীদ সেলিম তালুকদারের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তারা আশা প্রকাশ করে বলেন, সেলিম তালুকদারের আত্মত্যাগ জাতিকে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগাবে।

আয়োজনের শেষ অংশে উপহার প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিইউএফটির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী, বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি