ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ঐতিহাসিক জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘জুলাই আন্দোলনের স্মৃতি’।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন। তারা আন্দোলনকালীন নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা ভাগাভাগি করেন। আয়োজনটির মূল লক্ষ্য ছিল আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের স্মৃতি ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করা। এসব অভিজ্ঞতা পরবর্তীতে একটি একাডেমিক প্রকাশনায় রূপ দেয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। তিনি বলেন, আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম, তাদের অভিজ্ঞতা এখন তরুণদের সঙ্গে ভাগাভাগি করার সময় এসেছে। তরুণদের, বিশেষ করে শিক্ষার্থীদেরই এখন দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব নিতে হবে।

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ঘিরে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে আইইউবি। আগামী কয়েক সপ্তাহজুড়ে চলবে এসব কার্যক্রম। এর মধ্যে রয়েছে একাডেমিক সেমিনার, সঙ্গীত ও নাটক পরিবেশনা, আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, দাবা প্রতিযোগিতা ও ফুটসাল টুর্নামেন্ট।

—বিজ্ঞপ্তি