আখাউড়া স্থলবন্দরে টানা পাঁচদিনের ঈদের ছুটি শেষ হয়েছে। গতকাল সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের পণ্যবাহী যানবাহনগুলো যথারীতি আসা-যাওয়া করেছে। এর আগে গত ২১-২৫ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় স্বাভাবিক ছিল বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরেছে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি পাহাড়ি রাজ্যে পাথর, ছোট-বড় মাছ, প্লাস্টিক সামগ্রী, সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।