পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির (পিটিএল) অঙ্গপ্রতিষ্ঠান ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও আইএলএক্স আই ফান্ডের ঋণ চুক্তি হয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, পাবনায় ডায়নামিক সান এনার্জির ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সংস্থা তিনটি ১২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার ঋণ দেবে। এ ঋণের লিড অ্যারেঞ্জার ও বুক রানার হিসেবে কাজ করছে এডিবি। ডায়নামিক সান এনার্জির ৪৯ শতাংশ মালিকানা রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। কোম্পানিটি জানিয়েছে, দেশে বেসরকারি সৌরবিদ্যুৎ প্রকল্পে আন্তর্জাতিক সংস্থার অর্থায়নের ঘটনা এটিই প্রথম।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৭১ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৩২। এর মধ্যে ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১০ দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪ দশমিক ৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২৪ দশমিক ১৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৯২ পয়সা।
গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ২২ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ১০ পয়সায়।
প্যারামাউন্ট টেক্সটাইলের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত ১৮ নভেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৯ টাকা ৬০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৯৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।










