জ্বালানি খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পর্ষদ ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে দেশে ‘পেট্রোনাস’ ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বাজারজাতের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে রোববার মেঘনা পেট্রোলিয়াম ও ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। এ লুব্রিক্যান্ট বাজারজাতের মাধ্যমে বছরে প্রায় দেড় কোটি টাকা মুনাফা হবে বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৩৯ দশমিক ৬৮ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪৪২ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১৬ কোটি ৫৩ লাখ টাকা। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ২৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সায়।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ২৭ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ টাকা ৯৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১১ টাকা ২৩ পয়সায়। সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭৪ টাকা ১৫ পয়সায়।










