সংযুক্ত আরব আমিরাতে ব্যবহৃত গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। চলতি দশকের শেষ নাগাদ এ ধরনের পরিবহনের বাজার দ্বিগুণ হবে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে অটোডাটা মিডল ইস্ট। খবর অ্যারাবিয়ান বিজনেস।
অটো খাতের বিশ্লেষক সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইউএইতে ব্যবহৃত গাড়ির চাহিদা ব্যাপক আকারে বেড়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ২০৩০ সালে এ ধরনের গাড়ির বাজার বেড়ে দ্বিগুণ হবে, এর পরিমাণ ৪ হাজার ৮১৫ কোটি ডলার।
বিভিন্ন খাতে দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধির প্রভাব পড়েছে ইউএইর গাড়ির বাজারে। সেখানে বিশ্বের নামিদামি মডেল এখন বেশ সহজলভ্য। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যবহৃত গাড়ির হাতবদল। ২০২২ সালে উপসাগরীয় অঞ্চলের অন্যতম এ অর্থনীতিতে ব্যবহৃত গাড়ির বাজার ছিল ২ হাজার ১৫ কোটি ডলারের। এর পরিমাণ ওই বছর থেকে ২০৩০ সাল পর্যন্ত চক্রবৃদ্ধি হারে ১১ দশমিক ৫ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে অটোডাটা।
ভেহিকল প্লাটফর্মটির প্রতিবেদনে বলা হচ্ছে, ক্রেতাদের আগ্রহের শীর্ষে রয়েছে ২০-৩০ হাজার আমিরাতি দিরহাম (৫ হাজার ৪৪৫ ডলার থেকে ৮ হাজার ১৬৮ ডলার) মূল্যের ব্যবহৃত গাড়ি। এর পরই চাহিদা দেখা যাচ্ছে ৫০-৮০ হাজার ডলার মূল্যের পুরনো গাড়ির।
গত এপ্রিলে দুবাইয়ের মতো সাজানো-গোছানো শহরে দেখা দেয় অতিবৃষ্টি ও পরবর্তী বন্যা, যা ব্যবহৃত গাড়ির চাহিদায় নতুন মাত্রা যোগ করেছে। এ সময় অনেক গাড়ি পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকে ৩০-৫০ হাজার দিরহাম মূল্য স্তরের ব্যবহৃত গাড়ির চাহিদা বেড়েছে।
অটোডাটা মিডল ইস্টের ব্যবস্থাপনা পরিচালক সেবাস্টিয়ান ফুস বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের ব্যবহৃত কার বাজারের রূপান্তরের সাক্ষী হচ্ছি আমরা। আমাদের উদ্ভাবনী সমাধান ভোক্তাদের যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং বাজারের জটিল পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবেন সে সম্পর্কে তাদের ধারণা দেবে।’
এ ভেহিকল রিপোর্ট প্লাটফর্ম ব্যবহার করেন থাকেন, এমন ৮৬ শতাংশেরই আগ্রহে রয়েছে কার। তাদের চাহিদার শীর্ষে রয়েছে ২০১৫-২১ সালে তৈরি হওয়া গাড়ি। এর মধ্যে শীর্ষ ব্র্যান্ড হলো টয়েটো ও নিসান। চলতি বছরের তথ্যানুযায়ী, ব্র্যান্ড দুটির চাহিদা যথাক্রমে ৩২ দশমিক ৮ ও ১৯ দশমিক ২ শতাংশ।










