ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ডাবল এ ও স্বল্পমেয়াদে এসটি-ওয়ান। সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি ২০২৪ হিসাব বছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৫ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা।
২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে বাংলাদেশ ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৭২ পয়সা।










