ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষে ফি ও চার্জ আদায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডিএসসিসি। এ চুক্তির আওতায় এমটিবির ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসের মাধ্যমে ডিএসসিসির বিভিন্ন ফি ও চার্জ আদায় করা হবে।
সম্প্রতি নগর ভবন ডিএসসিসির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালামের উপস্থিতিতে এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক এবং ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. খায়বার রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ডিএসসিসি ফি ও চার্জ আদায়ে এমটিবির সমন্বিত এপিআই-চালিত ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস ব্যবহার করবে। এক্ষেত্রে ওভার দ্য কাউন্টার (ওটিসি), এমটিবি নিও অ্যাপ্লিকেশনসহ অন্যান্য প্রযোজ্য চ্যানেলের মাধ্যমে অর্থ আদায়ের সুযোগ থাকবে। এমটিবি নিও অ্যাপের মাধ্যমে ডিএসসিসির ফি ও চার্জ আদায়ের ব্যবস্থাও এ চুক্তির আওতায় থাকবে।
অনুষ্ঠানে এমটিবির ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান এবং ডিএসসিসির রাজস্ব বিভাগের চিফ রেভিনিউ অফিসার জোনায়েদ কবির সোহাগ ও সিস্টেমস অ্যানালিস্ট মো. আবু তায়্যব রোকন উপস্থিত ছিলেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










