সিরাজগঞ্জে চলছে মাসব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত শিল্প ও পণ্য মেলা। গত মঙ্গলবার থেকে শহরের খান সাহেব ঈদগাহ মাঠসংলগ্ন মাঠে এ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিসিক  মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজ সজ্জা সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের ৯০টি স্টল স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ তোফাজ্জল, রাজশাহী বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ এবং সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য প্রমুখ উপস্থিত ছিলেন।