ক্রেডিট কার্ড গ্রাহকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা দিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য ‘ক্রেডিট শিল্ড’ সুবিধা চালু করা হবে। এর মাধ্যমে গ্রাহকের মৃত্যু, পঙ্গুত্ব কিংবা গুরুতর অসুস্থতার মতো পরিস্থিতিতে তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেয়া হবে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএম আওলাদ হোসেন এবং বেঙ্গল ইসলামী লাইফের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও বীমা কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









