রাজধানীতে এ উপলক্ষে প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশী বহুজাতিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠান, যারা ৫০টিরও বেশি দেশে পণ্য রফতানি করছে। স্থানীয় উৎপাদনভিত্তিক শক্ত অবস্থানের ওপর দাঁড়িয়ে আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।’

তিনি আরো বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যখন বাংলাদেশে ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচিত করে, তখনই বৈশ্বিক পরিসরে ওয়ালটনের গ্রহণযোগ্যতা স্পষ্ট হয়। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন নয়, বরং একটি দেশের অগ্রযাত্রার স্বীকৃতি।’

স্পনসরশিপকে শুধু জার্সি বা স্টেডিয়ামে লোগো প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মার্সেলো সেসা বলেন, ‘এটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি এবং মানুষের অনুপ্রেরণার উৎস। যখন বাংলাদেশের তরুণরা আর্জেন্টিনার খেলা দেখে, তারা দক্ষতা, দলগত কাজ এবং অধ্যবসায় দেখতে পায়। আর্জেন্টিনার এ ফ্যান জার্সিতে তারা সেই আদর্শের পাশাপাশি এখন একটি বাংলাদেশী ব্র্যান্ডকেও দেখতে পাবে। তারা বুঝতে পারবে যে বিশ্বব্যাপী উৎকর্ষ খুব বেশি দূরে বা অগম্য নয়—এটি এখানেই, নিজের দেশেই শুরু হতে পারে।’

ওয়ালটন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল আঞ্চলিক পৃষ্ঠপোষক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি দলটির সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব পেয়েছে। বর্তমানে ওয়ালটনের বিভিন্ন ব্র্যান্ডিং কার্যক্রমে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের উপস্থিতি দেখা যাচ্ছে, যা প্রতিষ্ঠানটিকে একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এ ফ্যান জার্সি উন্মোচন করা হয়। দেশজুড়ে এ জার্সি সংগ্রহের সুযোগ থাকছে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মাহবুবুল আলম বলেন, ‘আর্জেন্টিনার ফুটবল চেতনা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তৃত। বাংলাদেশেও দলটির বিপুল সমর্থক রয়েছে। বিশ্বকাপের সময় ঢাকা, চট্টগ্রাম ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট আকাশী-নীল এবং সাদা পতাকায় ছেয়ে যায়, যা দুই দেশের মানুষের আবেগঘন সম্পর্কের বহিঃপ্রকাশ। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত এবং আনন্দিত।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামছুল আলম ও পরিচালক সাবিহা জারিন অরনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেকের এমডির ব্যবসা সমন্বয়ক তানভীর আঞ্জুম। স্বাগত বক্তব্য দেন প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ।