ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মেধায় বিনিয়োগই বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবে। গত এক দশকে ৬ শতাংশেরও বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করলেও, কৃষিনির্ভর থেকে শিল্পনির্ভর অর্থনীতিতে রূপান্তরের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দক্ষ মানবসম্পদের অভাব। টেক্সটাইল, আইটি, ফাইন্যান্স ও ফার্মাসিউটিক্যালসের মতো উচ্চ প্রবৃদ্ধির খাতে দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বর্তমানে মধ্য ও উচ্চস্তরের পদে প্রায় পাঁচ লাখ বিদেশী পেশাজীবী কাজ করছেন।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার দীপ্তি মিলনায়তনে আয়োজিত ‘দক্ষতা বিভাজন দূরীকরণ: বাংলাদেশের মূল খাতগুলিতে বিদেশী শ্রম নির্ভরতা এবং কর্মী বাহিনী ঘাটতি মোকাবেলা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক দলের প্রধান ড. তানভীর আবীর।
গবেষণায় দেখা গেছে, বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট বের হলেও শিল্পের চাহিদানুযায়ী প্রযুক্তিগত জ্ঞান, নেতৃত্ব ও সমস্যা সমাধান দক্ষতার ক্ষেত্রে তাদের গুরুতর ঘাটতি রয়েছে। গবেষণার মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে— খাতভিত্তিক বিশ্লেষণ, বিদেশী বনাম স্থানীয় কর্মীর তুলনা, প্রশিক্ষণের চাহিদা, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান যোগ্যতা ও নীতি সুপারিশ।
এতে দেখা গেছে, নিয়োগকর্তারা প্রযুক্তিগত দক্ষতা ও অভিযোজনক্ষমতার কারণে বিদেশীদের অগ্রাধিকার দেন। স্থানীয় গ্র্যাজুয়েটদের প্রস্তুতি (৪ এর মধ্যে গড় স্কোর ২.৭২) শিল্পের প্রত্যাশার নিচে। গবেষণায় হাতে-কলমে প্রশিক্ষণ, শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান সহযোগিতা ও কারিকুলাম আধুনিকীকরণকে জরুরি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গবেষণা অনুযায়ী, স্থানীয় মেধায় বিনিয়োগ বিদেশী শ্রম নির্ভরতা কমিয়ে বছরে বিলিয়ন ডলারের রেমিট্যান্স বহিঃপ্রবাহ হ্রাস করবে ও উৎপাদনশীলতা বাড়াবে। এর মাধ্যমে স্থানীয়দের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উচ্চমূল্যের চাকরি সৃষ্টি হবে ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে। এছাড়া নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
গবেষক দল মনে করে, স্থানীয় মেধা উন্নয়ন ও প্রশিক্ষণ অবকাঠামোতে পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া দক্ষতার ঘাটতি পূরণ সম্ভব নয়। এটি শুধু অর্থনীতিকে টেকসই করবে না। বরং বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতাও বহুগুণে বৃদ্ধি করবে। সংবাদ সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ মনজুরুল হক খানসহ অন্যরা বক্তব্য রাখেন।
—বিজ্ঞপ্তি










