মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) জন্য সাবসিডিয়ারি গঠনের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকটিকে এ অনুমোদন দিয়েছে। বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) রেগুলেশনের অধীনে এ সাবসিডিয়ারি গঠন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০০ সালে পুঁজিবাজারে আসা প্রাইম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৩ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর ৪৩ দশমিক ২৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩৬ দশমিক ৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে গতকাল প্রাইম ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৮ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৮ টাকা ১০ পয়সা ও ২৪ টাকা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির ৪৮০ কোটি টাকার কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৯৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।
তথ্যানুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ব্যাংকের ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা, আগের হিসার বছরে যা ছিল ৩ টাকা ৫৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৬ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩০ মে ডিজিটাল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ মে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৭ পয়সা।










