নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘বিজনেস ল’ টকস’ সিরিজের আওতায় করপোরেট অপরাধ বিষয়ক লেকচার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) নর্থ সাউথ ইউনিভার্সিটির মুট কোর্ট রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও করপোরেট অপরাধ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস বিভাগের ডিন প্রফেসর মো. রিজওয়ানুল ইসলাম। লেকচার দেন আইন বিভাগের সিনিয়র লেকচারার মো. লোকমান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইন বিভাগের সিনিয়র লেকচারার অ্যাডভোকেট সাকিব রহমান।
স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, বিজনেস ল’ টকস সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে জটিল বিষয়গুলো বোঝার সুযোগ পাবে।
প্রধান অতিথি ড. মো. রিজওয়ানুল ইসলাম করপোরেট আইন বোঝার গুরুত্ব এবং ব্যবসায় ন্যায্যতা ও সুবিচার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
লেকচারার লোকমান হোসেন ভোপাল ট্রাজেডি, রানা প্লাজা ধস ও ফেসবুক-মেটা ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির মতো উদাহরণ নিয়ে করপোরেট অপরাধের বিষয়গুলো ব্যাখ্যা করেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রযন্ত্রের করপোরেট অপরাধ প্রতিরোধ নীতি নিয়ে আলোচনা করেন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বাংলাদেশের করপোরেট আইন প্রয়োগ, কোম্পানিতে অপরাধের উদ্দেশ্য প্রমাণের চ্যালেঞ্জ এবং নির্দোষ কর্মী ও শেয়ারহোল্ডারদের সুরক্ষা বিষয়ে বক্তার সঙ্গে বিস্তারিত আলাপ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, বিজনেস ল’ টকস সিরিজ শিক্ষার্থীদের কর্পোরেট আইন ও অপরাধ সম্পর্কে ধারণা দেবে। একইসঙ্গে তাদের আইনি চ্যালেঞ্জ মোকাবেলায়ও সহায়তা করবে।
—বিজ্ঞপ্তি










