শ্রীলংকার অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের অভিজ্ঞতা, অর্থনৈতিক পুনরুদ্ধার, নেতৃত্বের উৎকর্ষ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ‘কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি)’ শীর্ষক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) এবং সিএমএ শ্রীলংকার যৌথ উদ্যোগে সম্প্রতি দেশটির ক্যান্ডি শহরের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিএমএবির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
‘ইকোনমিক রিকভারি অ্যান্ড লিডারশিপ এক্সিলেন্স: লেসনস ফ্রম শ্রীলংকা’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশ ও শ্রীলংকার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার সদস্যরা অংশ নেন।
সম্মেলনে সেশন চেয়ারম্যান ছিলেন সিএমএ শ্রীলংকার প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ও আইসিএএসের সাবেক প্রেসিডেন্ট লক্ষ্মণ আর ওয়াটাওয়ালা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকার ইআরডির ডেপুটি ডিরেক্টর (ওভারসিয়িং মানি অ্যান্ড ব্যাংকিং ডিভিশন) ডব্লিউএস পেরেরা। আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাওসার আলম সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি অব পেরাদেনিয়ার বিজনেস ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সুজীবা কোডিথুওয়াক্কু এবং আইসিএমএবির কাউন্সিলর মো. আলী হায়দার চৌধুরী ও মো. ইমতিয়াজ আলম। সম্মেলনে সভাপতিত্ব করেন আইসিএমএবির চেয়ারম্যান (ডিবিসি) মান্নান বেপারী। সঞ্চালনায় ছিলেন ডিবিসির সেক্রেটারি মো. ইকবাল হোসেন এবং সমাপনী বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শাহানা পারভিন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে আইসিএমএবি ও সিএমএ শ্রীলংকার প্রায় ১০০ সদস্য সরাসরি অংশ নেন। এছাড়া বাংলাদেশ ও শ্রীলংকাসহ বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক সদস্য ভার্চুয়ালি যুক্ত হন।









