এসএইচএসএস ‘ডিস্টিংগুইশড ওয়েবিনার সিরিজ’-এর অংশ হিসেবে আয়োজিত এ সেমিনারে মূল বক্তা ছিলেন সায়েন্সেস পোর প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (পিএসআইএ) আন্তর্জাতিক আইনের অধ্যাপক রোজম্যারি অ্যান বায়ার্ন।
অধ্যাপক রোজম্যারি বায়ার্ন তার উপস্থাপনায় আন্তর্জাতিক অভিবাসী অধিকারের গুরুত্বপূর্ণ কিন্তু আইনগতভাবে উপেক্ষিত ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তিনি বিশ্বব্যাপী অস্থায়ী শ্রম এবং দ্বিপক্ষীয় শ্রমচুক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের অস্থায়ী অভিবাসন প্রকল্পগুলো প্রায়ই প্রশাসনিক স্পন্সরশিপ বা ‘কাফালা’ ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। তার মতে, এসব প্রকল্প বিচ্ছিন্ন বা অপ্রচলিত নয়; বরং এগুলো বর্তমানে উন্নত দেশগুলোর অভিবাসন নীতিকেও প্রভাবিত করতে শুরু করেছে।
বায়ার্ন আরো উল্লেখ করেন যে বর্তমান সময়ের দ্বিপক্ষীয় শ্রমচুক্তির বিস্তার মৌলিক মানবাধিকারের চেয়ে শ্রম ব্যবস্থাপনা এবং লেনদেনসংক্রান্ত নিয়মগুলোকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এ ধরনের আইনি ব্যবস্থা অভিবাসী শ্রমিকদের জাতীয়তার ওপর বহুলাংশে নির্ভরশীল, যার ফলে কর্মীরা তাদের নাগরিকত্বের ভিত্তিতে অসম মজুরি ও বৈষম্যমূলক পরিস্থিতির শিকার হন। অভিবাসী কর্মী প্রেরণকারী দেশগুলো তাদের প্রবাসী নাগরিকদের কূটনৈতিক সুরক্ষা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অভিবাসন প্রবাহ পরিচালনা করতে পারলেও এটি প্রতিষ্ঠিত মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে তিনি মনে করেন।
সূচনা বক্তব্যে এসএইচএসএস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম অভিবাসী কর্মীদের ক্রমবর্ধমান হারে ‘পণ্যকরণ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, অভিবাসী কর্মীদের সুরক্ষার জন্য প্রচলিত বহুপক্ষীয় ব্যবস্থাগুলো বর্তমানে আন্তঃরাষ্ট্রীয় দ্বিপক্ষীয় চুক্তি দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, যা অনেক ক্ষেত্রে তাদের অধিকারকে খর্ব করছে।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের (সিএমএস) কো-অর্ডিনেটর ড. সেলিম রেজা।










