আবাসন প্রতিষ্ঠান নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা চালু করছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং নদী বাংলা কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় নদী বাংলা কনস্ট্রাকশনের গ্রাহকরা আকর্ষণীয় সুদহারে ও সহজ শর্তে সাউথইস্ট ব্যাংকের ‘সাউথইস্ট হোম লোন’ শীর্ষক গৃহঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে আবাসন প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্পের গ্রাহকদের জন্য বাড়ি বা ফ্ল্যাট কেনায় ব্যাংক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং রিটেইল ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










