দিবসটি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা, শিল্পকর্ম প্রদর্শনী, আর্থিক সহায়তা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে ‘ক্যানভাসে জুলাই’ শীর্ষক আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন। উদ্বোধনের পর তিনি প্রদর্শনী পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশের প্রশংসা করেন। পরে প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহত বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেয়া হয়। পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।