স্বচালিত গাড়ি নির্মাণের জন্য ১০৫ কোটি ডলার (৮৪ কোটি ইউরো) তহবিল পেয়েছে যুক্তরাজ্যের স্টার্টআপ কোম্পানি ওয়েভ। বিনিয়োগ সংস্থা সফটব্যাংকের নেতৃত্বে দেশটির এ কোম্পানিতে বিনিয়োগ করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এবং যুক্তরাজ্যের নেতৃস্থানীয় চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া। খবর বিবিসি।

বিনিয়োগের বিষয়ে ওয়েভ জানিয়েছে, ভবিষ্যতে চালকবিহীন গাড়ি তৈরিতে এ তহবিল ব্যবহার করা হবে। এছাড়া এটি এখন পর্যন্ত ইউরোপের কোনো এআই কোম্পানিতে সবচেয়ে বড় বিনিয়োগ বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ‘‌এআই সুপার পাওয়ার হিসেবে যুক্তরাজ্যের অবস্থানকে তুলে ধরতে এ তহবিল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।’ এছাড়া এমন পদক্ষেপের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ কোম্পানি যুক্তরাজ্যের এআই স্টার্ট-আপে সবচেয়ে বড় অংকের অর্থ বিনিয়োগ করছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, ‘‌এটি এআই শিল্পে আমাদের নেতৃত্বের বড় প্রমাণ।’

তহবিল সম্পর্কে ওয়েভের প্রধান অ্যালেক্স কেন্ডাল বলেন, ‘‌এআই কোম্পানির উন্নতিতে এবারের বিনিয়োগ যুক্তরাজ্যের এআই ইকোসিস্টেম শক্তির বাজারে একটি গুরুত্বপূর্ণ সংকেত’।

‘‌এমবডিড এআই’ হিসেবে পরিচিত ভবিষ্যতে স্বচালিত যানবাহনগুলোকে আরো উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করছে ওয়েভ। বর্তমানে এআই মডেলগুলো শুধু জ্ঞানীয় কিংবা জেনারেটিভ লক্ষ্যে নয় বরং নতুন প্রযুক্তিগুলো বাস্তব-বিশ্ব এবং পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে।

এদিকে ২০২৬ সাল নাগাদ যুক্তরাজ্যের কিছু রাস্তায় চালকবিহীন গাড়ি চলাচল করতে পারে বলে গত নভেম্বরে জানিয়েছিলেন যুক্তরাজ্যের পরিবহন সচিব মার্ক হারপার। এমনকি দেশটির রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ি চলাচলের জন্য ‘‌পরিবহন বিপ্লব উন্মুক্তকরণ’ নামে একটি আইন শিগগিরই সংসদে পাস হবে বলে আশা করা হচ্ছে।

এ আইনে চালকবিহীন যানবাহনগুলো যুক্তরাজ্যের রাস্তায় নিরাপদে চলাচলের জন্য একটি নিয়ন্ত্রণ কাঠামো উল্লেখ থাকবে। এছাড়া এ আইনের মাধ্যমে নির্মাতা কোম্পানি এবং চালকদের আইনি দায়বদ্ধতা স্বচ্ছ করা হবে বলেও জানিয়েছে সরকার।

যদিও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও স্বচালিত যানবাহনগুলো বাধার মুখোমুখি হচ্ছে। কিছু বড় ধরনের দুর্ঘটনার পর এসব যানবাহনের নিরাপত্তা সম্পর্কিত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে মার্কিন সরকার।