যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের মালিকানাধীন সব ক্লিনিক বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবাও বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। মূলত লাভজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর রয়টার্স।

দেশজুড়ে থাকা ৫১টি ক্লিনিক বন্ধ করে দেয়ার এ পরিকল্পনার কথা সম্প্রতি জানিয়েছে মার্কিন এ জায়ান্ট। ওয়ালমার্ট বলছে, দীর্ঘমেয়াদি লাভের হিসেবে পরিষেবাগুলো চালিয়ে নেয়ার সিদ্ধান্ত টেকসই নয়।

ওয়ালমার্টের মুখপাত্র মেরিলি ম্যাকইনিস বলেন, ‘যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য পরিষেবা চালানো ব্যয়বহুল। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে শ্রম ও পরিচালনা খরচের বৃদ্ধি এ ব্যবসায়িক খাতকে কঠিন করে তুলেছে।’

এক বিবৃতিতে ওয়ালমার্ট বলেছে, যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা ব্যবসা চালিয়ে নেয়া কঠিন। এ ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণ আয় হচ্ছে না। তাই স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ভার্চুয়াল পরিষেবা কর্মসূচি বন্ধ করে দেয়া হচ্ছে।

গত পাঁচ বছরে ওয়ালমার্ট, ওয়ালগ্রিনস, অ্যামাজন ও সিভিএসের মতো জায়ান্টগুলো স্বাস্থ্য পরিষেবা খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। শুরুতেই ধারণা করা হয়েছিল, আমেরিকান স্বাস্থ্যসেবা খাতে অর্থ উপার্জনের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে ভোক্তারা আসলে এ ধরনের খুচরা বিক্রেতা চেইন থেকে স্বাস্থ্যসেবা পেতে চায় কিনা বা এ খাত সংস্থাগুলোর জন্য যথেষ্ট অর্থ আনতে পারে কিনা তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে।

শুরুতেই অর্থ উপার্জনের সুযোগ রয়েছে ভেবে ক্লিনিক ও ভার্চুয়াল পরিষেবা চালু করা অনেক প্রতিষ্ঠানই একে একে এ ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। উদাহরণ হিসেবে ওয়ালগ্রিনসের নাম নেয়া যায়। কোম্পানিটি ভিলেজএমডিতে ৫৮০ কোটি ডলারের ক্ষতির পর সম্প্রতি প্রাইমারি কেয়ার ক্লিনিকগুলোর ১৬০টি বন্ধ করার পরিকল্পনা জানিয়েছে।

অ্যামাজনও ফেব্রুয়ারিতে বলেছিল, ক্লিনিক অপারেটর ওয়ান মেডিকেলসহ স্বাস্থ্যসেবা ইউনিট থেকে কয়েকশ কর্মী ছাঁটাই করার কথা বিবেচনা করছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিল ওয়ালমার্ট। হঠাৎ গত বছরের এ পরিকল্পনা থেকে একদম উল্টো দিকে হাঁটা শুরু করেছে প্রতিষ্ঠানটি।