পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোম্পানিগুলো হলো ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফিনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ১৯ আগস্ট বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে হবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ২৩ পয়সায়।
সানলাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ২০ আগস্ট হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।
কোম্পানিটির জীবন বীমা তহবিল এ বছরের ৩১ মার্চ শেষে ৫১ কোটি ৫৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময় শেষে এ তহবিলের পরিমাণ ছিল ৪৭ কোটি ২৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছে ৯ শতাংশ।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ।
এশিয়া ইন্স্যুরেন্স: কোম্পানিটির ২৪তম এজিএম ২০ আগস্ট দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশে অনুমোদন নেয়া হবে।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৩ পয়সায়।
প্রগতি লাইফ: কোম্পানিটির এজিএম ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৪ শতাংশ নগদ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটি ২৯৬ কোটি ৩৮ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ২৬১ কোটি ৩ লাখ টাকায়।
চলতি বছরের ৩০ জুন শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬৩৫ কোটি ৩২ লাখ টাকা।
ইসলামিক ফাইন্যান্স: তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এজিএম ২২ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪২ পয়সায়।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসান হয়েছে ২২ কোটি ৭৬ লাখ টাকা।










