শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা 'গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রেপ্রেনিউর অ্যাওয়ার্ডস' (জিএসইএ) ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন্ট্রেপ্রেনিউরস’ অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর ১০ম আসরের উদ্বোধন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্রাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও জিএসইএ বাংলাদেশের চেয়ার মোস্তফা কামরুজ সোবহান। এ সময় ইও বাংলাদেশের সদস্য, শিক্ষাবিদ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০১৬ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত জিএসইএ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী উদ্যোক্তাদের স্বীকৃতি দিয়ে আসছে। এবারের জাতীয় চ্যাম্পিয়ন আগামী বছর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফাইনালে অংশ নেবেন। গ্লোবাল ফাইনালে মোট ১ লাখ মার্কিন ডলারের পুরস্কার রয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে নির্বাচিত চ্যাম্পিয়নকে অতিরিক্ত ১০ লাখ টাকা সিড সাপোর্ট দেয়া হবে।

আবেদন নেয়া হচ্ছে gsea.org/apply এ। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার সেমিফাইনাল ডিসেম্বর মাসে এবং গ্র্যান্ড ফিনালে জানুয়ারি ২০২৬ এ অনুষ্ঠিত হবে।

বক্তারা বলেন, জিএসইএ তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। এটি শুধু নতুন উদ্ভাবনকে উৎসাহিতই করে না, বরং নেতৃত্ব, দৃঢ়তা ও বৈশ্বিক সংযোগ তৈরিতেও সহায়তা করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইও বাংলাদেশের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ফাউন্ডার ও জিএসইএ বাংলাদেশের কো-চেয়ার তানাজ্জুল আয়মান, নিট এশিয়া লিমিটেডের ডিরেক্টর আমের সেলিম এবং জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ। এছাড়া, শিক্ষাবিদদের মধ্যে ছিলেন রাইজের ডেপুটি ডিরেক্টর ড. সেলিনা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. নাজমুল হাসান।

—বিজ্ঞপ্তি