রাজস্ব আয়ের চেয়ে রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ায় দেশটির সরকারি খাতের আর্থিক ভিত দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এ সংকটময় পরিস্থিতির বিপরীতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান, বড় করপোরেশন এবং সামগ্রিক বেসরকারি খাত অভাবনীয় সাফল্য দেখিয়ে যাচ্ছে। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর ব্যালান্স শিট বর্তমানে অত্যন্ত মজবুত, তাদের অর্জিত মুনাফার হার সন্তোষজনক এবং নতুন উদ্যোগ বা বিনিয়োগের গতিও দ্রুত। বিশেষত প্রযুক্তি খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে বেসরকারি খাতে বিপুল পরিমাণে মূলধন প্রবাহিত হচ্ছে। বিনিয়োগকারীরা রাষ্ট্রীয় খাত বা সরকারি বন্ডের দীর্ঘমেয়াদি ঝুঁকির ভয় কাটিয়ে তুলনামূলক দূরদর্শী, লাভজনক এবং শক্তিশালী করপোরেট ও প্রযুক্তি খাতে পুঁজি ঢালছেন। এ কাঠামো দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এ খাতের শক্তিতে ভর করে অর্থনীতির সামগ্রিক ভারসাম্য টিকিয়ে রাখা অসম্ভব। সরকারি ঋণ ও বাজেটের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে আগে।

[রয়টার্স থেকে সংক্ষেপিত ভাষান্তর]

জ্যামি ম্যাকগিভার: সাংবাদিক