বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি বিখ্যাত চিত্রকর্মের নিচে লুকিয়ে থাকা এক নারীর প্রতিকৃতি আবিষ্কার করেছেন ইতিহাসবিদরা। দীর্ঘ ১২৫ বছর পর ইনফ্রারেড ও এক্স-রে ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে লন্ডনের কোর্টল্ড ইনস্টিটিউট অব আর্টের বিশেষজ্ঞরা এ রহস্যময় ছবি উন্মোচন করেন।
১৯০১ সালে পিকাসো তার বন্ধু, ভাস্কর মাতেউ ফার্নান্দেজ দে সোটোর প্রতিকৃতি আঁকতে গিয়ে এক নারীর ছবির ওপরেই রং তুলেছিলেন। গবেষকদের ধারণা, হয়তো সে সময় নতুন ক্যানভাস কেনার সামর্থ্য না থাকায় পিকাসো আগের চিত্রের ওপরেই কাজ চালিয়ে যান। তবে এটি যে শুধুই অর্থনৈতিক কারণ ছিল, তা নয়—পিকাসো নিজেও এ পরিবর্তনের প্রক্রিয়া উপভোগ করতেন।
গবেষক বার্নাবি রাইট বলেন, ‘আমরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে ধাপে ধাপে ছবিটি বিশ্লেষণ করতে গিয়ে ধূসর রঙের স্তরের নিচে এক নারীর অবয়ব দেখতে পাই।’ তার চুলের স্টাইল ১৯০১ সালে প্যারিসে আঁকা পিকাসোর অন্যান্য নারী প্রতিকৃতির সঙ্গে মিল রাখে।
যদিও এ নারীর পরিচয় এখনো অজানা। তিনি পিকাসোর মডেল, প্রেমিকা, নাকি বন্ধু—সে রহস্যের জট এখনো খোলেনি।
উল্লেখ্য, 'পোর্ট্রেট অব মাতেউ ফার্নান্দেজ দে সোটো' নামের এ চিত্রকর্মটি ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ২৬ মে পর্যন্ত লন্ডনের কোর্টল্ড গ্যালারিতে এটি প্রদর্শিত হবে।
—সিএনএন










